
মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ গাড়ি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পিকআপ গাড়ি, ৯৮টি খালি ডিমের ক্যারেট ও ডিম বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার নোয়াখালীর সেনবাগ থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বড়নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইমন (২৮), একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে রিফাত হৃদয় (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না ওরফে রুমান (২৭), কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে রহমত আলী ওরফে জিল্লুর এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভার আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (৬০)।
রোববার দুপুর ১২টায় মনোহরদী থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিবপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার। এ সময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, এসআই শহীদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় ইসমাইল হোসেনের বাড়ির সামনে ডিমবোঝাই পিকআপটি আটকে দেয় ডাকাতরা। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ির চালক ও তার সহযোগীর হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপে তুলে নেয়। এরপর হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে তাদের ফেলে রেখে ডিমবোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গাড়ির মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে।
জেলা পুলিশ সুপারের নির্দেশে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর মহাসড়ক থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজারে অভিযান চালানো হয়। সেখানে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাত দলের সদস্যদের পূর্বপরিচিত জসিম উদ্দিনের হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপ, ৯৮টি খালি ডিমের ক্যারেট ও ডিম বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় জসিম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিলেন।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান সরকার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।