
মোঃ হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান ও এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মনোহরদী জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এতে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মদ।
সভায় প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত পাঠদান পদ্ধতি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা, মাদক ও অন্যান্য সামাজিক ব্যাধি প্রতিরোধ এবং এসব বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মনোহরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানসহ সকল এমপিওভুক্ত শিক্ষক উপস্থিত ছিলেন।