
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মনোহরদী থানা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর (ঋষিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রসুলপুর (ঋষিপাড়া) এলাকার নিখিল চন্দ্র মনিদাস (৯০) ও তার স্ত্রী লিপি চন্দ্র মনিদাস (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, রসুলপুর এলাকায় নিখিল চন্দ্র মনিদাসের বসতবাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ মজুদ করা হয়েছে। পরে মনোহরদী থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে টিনসেড ঘর থেকে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে নিখিল চন্দ্র মনিদাস ও লিপি চন্দ্র মনিদাসকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বসতঘরে তল্লাশি চালিয়ে চারটি ছোট প্লাস্টিকের ড্রামে ১১০ লিটার এবং একটি বড় ড্রামে ১৯০ লিটারসহ মোট ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে মনোহরদী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদক সংরক্ষণকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “মনোহরদীকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় মনোহরদী থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।