• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন |
  • English Version

বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ, সাকিব-মাশরাফির জন্য দরজা খোলা

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন


সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস’-এর তৃতীয় আসরে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল-মাহমুদউল্লাহ রিয়াদরা এই টুর্নামেন্টে খেলবেন ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’ দলে। বাংলাদেশের অন্তর্ভুক্তিতে টুর্নামেন্টে দলের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান ও মাশরাফি খেলতে চাইলে দরজা খোলা বলে জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অন্যতম পৃষ্টপোষক শানিয়ান তানিম।

শনিবার এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্সে। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের প্রতিনিধি প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অংশগ্রহণকে দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন। তিনি জানান, এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে দেশের সমর্থকদের যোগাযোগ আরও বাড়াবে এবং বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এই টুর্নামেন্টে খেলা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মাহমুদউল্লা বলেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগে আমাদের খেলাটা বড় একটি অর্জন। আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলতে প্রস্তুত। আশা করছি, লিগে আমরা ভালো কিছু করতে পারব।’

সাকিব-মাশরাফি কি খেলতে পারবেন? এমন প্রশ্নে শানিয়ান তানিম বলেন, ‘মাশরাফি ভাই বা সাকিবের ব্যাপারেও আপনারা জানেন যে জটিলতা আছে। সুতরাং যার কাছে সহায়তা নেওয়ার বা সহায়তা চাওয়ার সুযোগ আছে, আমরা অবশ্যই তা চাইব। কিন্তু আমরা তো আইনের ঊর্ধ্বে যেতে পারি না। তবে আবারও বলছি, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। আমরা সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেটার হিসেবে চিনি, রাজনীতিবিদ হিসেবে নয়। তাই তারা যদি খেলতে পারেন, তবে আমাদের দরজা তাদের জন্য সবসময়ই খোলা।’

অন্যদিকে আশরাফুল যেহেতু জাতীয় দলের কোচ, টুর্নামেন্টের সময় বাংলাদেশের সিরিজ থাকলে কী করবেন? এমন প্রশ্নে আশরাফুল বলেন, ‘আসলে যদি ওই সময় বাংলাদেশের খেলা থাকে, তখন অবশ্যই ওভাবে চিন্তা করব…। যেহেতু এই টুর্নামেন্টটা সাত দিন ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি গত বছরও ছিলাম। ওই সময় যদি (বাংলাদেশের) খেলা থাকে, বিসিবি যদি পারমিশন দেয়।’

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts