
মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান
কামাল উদ্দিন সরকার বাদল
নরসিংদী প্রতিনিধি।
নরসিংদীর মনোহরদীতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। মাত্র কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাঁচটি এলাকার বিস্তীর্ণ কলাবাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে প্রায় ৭ হেক্টর জমির কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে ও উপড়ে পড়েছে অসংখ্য কলাগাছ। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর, কেরানীনগর, নিশ্চিন্তপুর, ত্রিবাসদী ও হরিনারায়ণপুর এলাকায় এ ঝড় আঘাত হানে। ঝড়ের তীব্রতায় বিভিন্ন জমির কলাগাছ ভেঙে মাটিতে পড়ে যায়। কোথাও কোথাও গাছ উপড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কলাচাষিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বাতাসের গতিবেগ বাড়তে থাকে। একপর্যায়ে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তাণ্ডবে এলাকার বিস্তীর্ণ কৃষিজমিতে থাকা কলাবাগান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঝড়ে ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শনে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার। তাঁরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন কলাবাগান ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মোট আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশক্রমে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে এসেছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।”
এ সময় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আকন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।
ঝড়ে কলাবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতির পর এখন সরকারি সহায়তার অপেক্ষায় রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।