
মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড
মো হিমেল মিয়া।
মনোহরদী উপজেলা প্রতিনিধি।
নরসিংদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে মনু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হান।
আদালতের রায় ও সাজা পরোয়ানা সূত্রে জানা যায়, মনোহরদী থানার মামলা নং-০৩/২৬-এর আসামি মনু মিয়া। তিনি মনোহরদী উপজেলার চিকাদী গ্রামের মৃত আয়েব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে মনোহরদী থানা পুলিশের তৎপরতা
এদিকে মনোহরদীতে মাদক নিয়ন্ত্রণ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে মনোহরদী থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মাদক বিক্রেতা ও মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদক নির্মূলে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।