
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা
মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে মাদক, অনিবন্ধিত বেকারিতে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার রসুলপুর, শুকুন্দি ও লেবুতলা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড এবং দুই ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে লিটন চন্দ্র নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া অনিবন্ধিতভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে নিরাপদ খাদ্য আইনে আল নূর বেকারিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, লেবুতলা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার অপরাধে আবুল কালাম নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসব অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলাম।
উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, খাদ্যপণ্যের মান নিশ্চিতকরণ এবং অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।