
নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইদুল ইসলাম সিয়াম।
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া অপরাধমূলক কর্মকাণ্ডের প্রধান কারণ হচ্ছে আইন-শৃঙ্খলার অবনতি। দলীয় সরকার ক্ষমতায় আসার পরও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, গত দুই দিনে নারায়ণগঞ্জে দুটি আলোচিত ঘটনা ঘটেছে। এর মধ্যে শুভ নামে এক যুবক হত্যার শিকার হয়েছেন। এছাড়া জুট সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্র ইমরানসহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
সাইদুল ইসলাম সিয়াম বলেন, দুঃখজনক হলেও সত্য, উভয় ঘটনার আসামিরা শনাক্ত হলেও এখনো তাদের গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও সংশয় সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, প্রশাসন যদি অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হয়, তাহলে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, আইন-শৃঙ্খলার অবনতির কারণেই নারায়ণগঞ্জে অপরাধ বেড়েই চলেছে।