• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন |
  • English Version

পাম্পে তেলের সিরিয়াল, মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন


 রাজধানীর উপকণ্ঠ মাতুয়াইলে একটি পেট্রলপাম্পে তেল নেওয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। সময়ের সাথে সাথে যানজট আরও তীব্র হচ্ছে।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এমন চিত্র দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন। তিনি বলেন, মাতুয়াইলে একটি পাম্পে তেল নেয়ার সময় গাড়ি সিরিয়াল বড় হয়ে মহাসড়ক চলে আসে। এর মধ্যে তীব্র বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। আমাদের কয়েকজন সদস্য রাস্তায় থাকলেও পরিস্থিতি সামলে উঠতে পারছে না।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইল এলাকায় একটি পাম্পে জ্বালানি তেল নেওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন—বিশেষ করে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি—আগেভাগেই সারিবদ্ধভাবে দাঁড়াতে শুরু করে। একপর্যায়ে পাম্পের ভেতরে জায়গা না থাকায় গাড়ির লাইন মহাসড়কে উঠে আসে। এতে ঢাকামুখী লেনের একটি বড় অংশ কার্যত দখল হয়ে যায় এবং স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। মহাসড়কের ওই অংশে ধীরগতিতে চলতে থাকা গাড়িগুলো একসময় প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে মাতুয়াইল, সাইনবোর্ড, শিমরাইল, কাঁচপুর হয়ে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাধারণত গভীর রাতে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চাপ বেশি থাকে। এর মধ্যে পাম্পমুখী গাড়ির সারি মূল সড়কে উঠে আসায় অন্য যানবাহনের চলাচলের জন্য জায়গা আরও সংকুচিত হয়ে পড়ে। বিশেষ করে ঢাকামুখী লেনে ভারী যানবাহনের চাপ থাকায় জট দ্রুত দীর্ঘ হতে থাকে।

 

কয়েকজন চালক জানান, স্বল্প দূরত্ব পার হতে তাদের অস্বাভাবিক সময় লেগেছে। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় আটকে ছিলেন। অনেক যাত্রীবাহী বাসও ধীরগতিতে এগোতে বাধ্য হয়। এতে দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয় যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।

 

পাম্পকেন্দ্রিক বিশৃঙ্খলায় বাড়ছে ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে থাকা কিছু জ্বালানি পাম্পে তেল নেওয়ার জন্য প্রায়ই সড়কে গাড়ির লাইন তৈরি হয়। কিন্তু তা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে মহাসড়কেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।

 

ভুক্তভোগী চালক ও যাত্রীরা বলছেন, মহাসড়কের পাশে থাকা জ্বালানি পাম্পগুলোতে গাড়ির চাপ সামাল দিতে নির্দিষ্ট ব্যবস্থাপনা জরুরি। প্রয়োজন হলে পাম্প কর্তৃপক্ষকে নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করতে হবে এবং মহাসড়কে যেন কোনোভাবেই সিরিয়ালের গাড়ি উঠে না আসে, তা নিশ্চিত করতে হবে।

 

তারা আরও বলেন, ব্যস্ততম এ মহাসড়কে সামান্য অব্যবস্থাপনাও কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটে রূপ নিতে পারে। তাই ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন ও পাম্প কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts