• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন |
  • English Version

বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না: সালাহউদ্দিন

Reporter Name / ২২১ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন


কোনো নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ এরই মধ্যে চিনেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ধর্ম ব্যবসায়ীদের দল একটি মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলছে। তারা কেবলই বলছে, এখানে একটা মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাওয়া যাবে। তার আগে ইহকালে কীভাবে চলবে—এটা নিয়ে কোনো বক্তব্য নেই। বিএনপি জনগণকে কী দিতে চায়, সেই পদক্ষেপ নিয়েছে। বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না বরং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয়ের মাস উপলক্ষে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানে ছাত্রদলের সারা দেশের জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের হাজারের বেশি নেতা অংশ নেন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ‘মুখোশ গণতন্ত্র’ দেখিয়ে ভেতরে একদলীয় শাসন কায়েম করেছিলেন। মুজিবকন্যা হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে ১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে অগণতান্ত্রিক শাসনের নজিরহীন উদাহরণে পরিণত করেছিলেন, যা পৃথিবীর ইতিহাসে জঘন্য একদলীয় ফ্যাসিবাদী শাসনব্যবস্থা। বিএনপি ধর্মের নামে প্রতারণা করতে চায় না বরং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কল্যাণ এবং সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনার ওপর জোর দিয়েছে।

বিএনপির ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি ১৯৭৫ সালে প্রায় ছিনতাইকৃত গণতন্ত্রকে ৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পুনরুদ্ধার করেছেন। এরপর তিনি রাষ্ট্রপতি হয়েছেন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। সেদিন বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার, এসবই বিএনপির অবদান। বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি। 

ছাত্রদলসহ দলের সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কী করবে তা সহজ ভাষায় মানুষের কাছে তুলে ধরতে হবে। আমরা জনগণের কাছে সমর্থন চাইছি। জনগণ আমাদের কাছ থেকে কী চায় সেটি পূরণ করার দায়িত্ব আমাদের।

বিদেশি লেখক-বিশ্লেষকদের সমালোচনা করে তিনি বলেন, দেশের বাস্তবতা না জেনে অনেকে এমনভাবে মন্তব্য করেন যেন তারাই জ্ঞানের আধার। তাদের নেই জবাবদিহি, নেই দায়িত্ববোধ, নেই দেশপ্রেম। সেজন্যই তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজ, ব্যক্তি চরিত্র হনন ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর প্রবণতা নিয়েও উদ্বেগ জানান সালাহউদ্দিন। তার ভাষায়, এখন পলিটিক্যাল ক্যারেক্টর অ্যাসাসিনেশনের সংখ্যা সবচেয়ে বেশি, কিছু মিডিয়াতেও তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts