• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
  • English Version

নারায়ণগঞ্জের মেগা প্রকল্পে আগ্রহ চায়না হারবারের

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময় করেছে বৈশ্বিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি (সিএইচইসি)।

বুধবার (১৭ জুন) দুপুরে নাসিক প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নেতৃত্ব দেন। এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এমআরকে এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ রফিকুল ইসলাম রাতুল, সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চীনা প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নাসিক প্রশাসক নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর সুদূরপ্রসারী নগর উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় গুরুত্ব পায় কয়েকটি সম্ভাব্য মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প, এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার নির্মাণ, যানজট নিরসনে এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং নগরীর যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আধুনিক সেতু নির্মাণ।

চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নাসিক প্রশাসকের উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সহযোগিতা করতে আগ্রহী।

নাসিক সূত্রে জানা গেছে, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে সভা শেষ হয়। সংশ্লিষ্টদের আশা, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জ ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক, টেকসই ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে উঠবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts