• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |
  • English Version

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন


আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ (বুধবার)। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী ও আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনসহ নানা আয়োজন।

দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বাংলাদেশ বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের গর্বিত অংশীদার। ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের যাত্রা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের এক হাজার ৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১ হাজার ৮২৮ জন শান্তিরক্ষী বিশ্বের ২৫টি দেশে ২৭টি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে বাংলাদেশ পুলিশের আটজন নারী সদস্যসহ ৩৭ জন কর্মকর্তা ইউএনপোল ও ইউএন জবে কর্মরত রয়েছেন। এছাড়া, ২০০০ সাল থেকে বাংলাদেশ পুলিশের নারী সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২৫ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। প্রতিকূল পরিবেশেও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে হাইতির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আফ্রিকা ও ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা।

এদিকে, হাইতিতে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ পুলিশের ৫২৫ সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত হবেন বলে জানা গেছে।

দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বের সংঘাত ও যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতি বছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। তবে এ বছর ওই দিন সরকারি ছুটি থাকায় দিবসটি ১০ জুন পালন করা হচ্ছে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts