
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, “তোমাদের ভেতরে যে মেধা লুকিয়ে আছে, সেটিকে বিকশিত করাই আমাদের দায়িত্ব।”
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় বন্দর বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি তোমাদের থেকে আলাদা কেউ নই। আজ থেকে ৫৯ বছর আগে, ১৯৬৭ সালে আমিও তোমাদের মতো এসএসসি পরীক্ষা দিয়েছি। মহান আল্লাহর কাছে শুকরিয়া, দীর্ঘ ২০ বছর পর আবার এই প্রতিষ্ঠানে আসার সুযোগ পেয়েছি।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এখনো ২০ বছরের নিচে। আগে তোমাদের সাথে পরিচয়ের সুযোগ ছিল না, কিন্তু আজ থেকে সেই সুযোগ তৈরি হলো। ভবিষ্যতে আমরা একসাথে চলবো।”
এমপি আবুল কালাম আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা তিনটি স্তরে বিভক্ত— প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এসএসসি পাসের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন এক ধাপে প্রবেশ করছে। তিনি বলেন, “এটা বিদায় নয়, বরং নতুন যাত্রার শুরু। উচ্চ শিক্ষা গ্রহণ করে তোমাদেরই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হবে।”
তিনি অভিভাবকদের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, “প্রতিটি বাবা-মা চান তার সন্তান সুশিক্ষিত হোক। জাতিও চায় যোগ্য নাগরিক তৈরি হোক। তোমরাই সেই ভবিষ্যৎ নেতৃত্ব।”
অনুষ্ঠানে তিনি বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি শিবানী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষার্থীদের যেন কোনোভাবেই অবহেলা করা না হয়। তিনি বলেন, “আমি যখন আসি, তখন শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করিয়ে রাখা উচিত নয়। তারা আমাদের সন্তানতুল্য। আমি অতিথি হিসেবে নয়, আপনজন হিসেবেই আসতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবুল কাউসার আশা, বন্দর থানার ওসি গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আজিজুর রহমান। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।