
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানাধীন তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে ঢাকা-মুখী হাইওয়ে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ.এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শফিকুল ইসলাম (৩৪), মোঃ দেলোয়ার হোসেন (৩৭), মোঃ মোস্তাকিম (২২), মোঃ শাহআলম ওরফে মধু (৩৮) এবং মোঃ রিপন (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পুরাতন বাস (রেজি: ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬), একটি ধারালো চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।