
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে মোখলেছুর রহমানের সঙ্গে থাকা অবশিষ্ট দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও মনোহরদী থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।