• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন |
  • English Version

কোরবানি হচ্ছে না নারায়ণগঞ্জের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প ‘

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন


কোরবানি হচ্ছে না নারায়ণগঞ্জের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প ‘। 

ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের এই মহিষটি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে  কোরবানি করা হচ্ছে না বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর থেকে মহিষটি বিকেল সাড়ে ৫টার সময় কেরানীগঞ্জ থানায় নিয়ে যেতে দেখা যায়।

এর আগে বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) সেখানে উপস্থিত হন। তিনি গরুটির মালিক মনিরুজ্জামানের সঙ্গে কথা বলেন। নাম না প্রকাশ করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘ওপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। এটিকে আপাতত থানায় নিয়ে যেতে বলেছে।’

পরে মহিষটি সেখান থেকে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মহিষটির মালিক মনিরুজ্জামান বলেন, ‘মহিষটি রোজার ঈদের ১০ দিন পরে কিনেছিলাম। তিন দিন আগে মহিষটিকে খামার থেকে বাড়িতে আনি। আজকে বিকেলে থানা থেকে লোক এসে বলেছে, এটা সরকারে নিয়ে যাবে গা। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। সরকার চেয়েছে, আমরা দিয়ে দিলাম।’

মহিষটি নেওয়ার পর কী দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে মনিরুজ্জামান বলেন, ‘সরকার বলেছে, আমাদের যা দাম আছে, সে টাকা দিয়া দিবে, নইলে কুরবানির জন্য গরু দিয়া দিবে।’

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ বলেন, মহিষটিকে মালিকের বাসা থেকে ফেরত আনা হয়েছে। এটি বিরল প্রজাতির প্রাণী বিধায় এটাকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মনিরুজ্জামানের ছেলে মাহিরের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানান, মহিষটি নিয়ে থানায় আছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে থানায় পৌঁছে দিতে, তাঁরা সেটি করছেন।

সরকার মহিষটি দিয়ে কী করবে, জানতে পেরেছেন কি না, এমন প্রশ্নে মাহির বলেন, ‘সরকার কী করবে, এটি তাঁরা জানেন, আমাদের বলেছে থানায় পৌঁছে দিতে। আমরা থানা পর্যন্ত নিয়ে আসছি। বাকিটি তাদের (সরকারের) ব্যাপার।’

মহিষটিকে বাসায় নেওয়ার পর থেকে দর্শনার্থীরা ভিড় করতে থাকে বলে জানা যায়। আজ বেলা সাড়ে ৩টার সময় মনিরুজ্জামানের বাসায় গিয়ে দেখা যায় মহিষটি ঘরের ভেতরে বাঁধা। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটিকে ঘরের ভেতরে রাখতে বাধ্য হয়েছিলেন।

তবে মহিষটি থানায় নিয়ে যাওয়ার পরেও অনেক দর্শনার্থী দেখতে এসে ফিরে যেতে দেখা যায়। এমন একজন রিমা আক্তার। তিনি জানান, মোবাইলে মহিষটিকে দেখেছিলেন। আজ সরাসরি দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে এসেছিলেন। কিন্তু এখানে এসে জানতে পারেন মহিষটিকে একটু আগে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালবিনো জাতের এ মহিষের চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।

এরপর মহিষটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর মহিষটি বিশ্বব্যাপী আলোচিত হয়। এরপর আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে ভাইরাল এই মহিষ।

প্রসঙ্গত:৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতিকেজি ৫৫০ টাকায় বিক্রি হয়েছে। সে হিসেবে মোট দাম পড়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts