
ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় নারায়ণগঞ্জ পিবিআইয়ের তিন তদন্তকারী কর্মকর্তাকে সম্মানজনক ‘আইজি ব্যাজ’ প্রদান করা হয়েছে।
আইজি ব্যাজপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— এসআই (নিঃ) পুলক সরকার, এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান এবং এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই সম্মাননা তুলে দেন।
জানা গেছে, নারায়ণগঞ্জ পিবিআই থেকে এবারই প্রথম একসঙ্গে সর্বাধিক তিনজন তদন্তকারী কর্মকর্তা আইজি ব্যাজে ভূষিত হয়েছেন।
এসআই (নিঃ) পুলক সরকার সোনারগাঁও থানার ক্লুলেস প্রতিবন্ধী সোহেল (৪১) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, জড়িত আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারসহ মামলার সফল তদন্ত ও নিষ্পত্তির স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার লাভ করেন।
অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ জাহিদ হোসেন রায়হান আড়াইহাজার ও বন্দর থানার দুটি মস্তকবিহীন অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত, ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং মূল আসামিদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া বন্দর থানায় বিচার-শালিস বৈঠকে হাতুড়িপেটায় হোসিয়ারি শ্রমিক হত্যাকাণ্ড এবং ফতুল্লায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ হত্যার ঘটনায় রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের সফলতার জন্য তাকেও আইজি ব্যাজ প্রদান করা হয়।
এছাড়া এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন রূপগঞ্জ থানার ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার, হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার এবং যুবক হত্যা মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা অর্জন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক ক্লুলেস হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে নারায়ণগঞ্জ পিবিআই।
গত ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ে নারায়ণগঞ্জ পিবিআই উল্লেখযোগ্য সংখ্যক হত্যা, ডাকাতি ও অপহরণ মামলার রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় এবারের পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআইয়ের তিন তদন্তকারী কর্মকর্তা একসঙ্গে আইজি ব্যাজে ভূষিত হয়েছেন।