
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বারপাড়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ইটভাটা থেকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযানে দুইটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে কেওঢালা, মদনপুর এলাকার মেসার্স এস কে বি ব্রিক ফিল্ডকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জাঙ্গাল, বারপাড়া এলাকার মেসার্স টু এস বি ব্রিক ফিল্ডকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।