
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ চনপাড়া এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধারের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় শামীম মিয়ার অবস্থান নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
তবে গ্রেপ্তারের পরপরই শামীমের অনুসারীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে চনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ মোট ১৩ জনকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, “ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় তার সহযোগীরা মব সৃষ্টি করে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, এ ঘটনায় রূপগঞ্জ থানা-তে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।