
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর আগে একই দিন দুপুরের দিকে ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- কলেজছাত্র রিফাত হাসান (১৯) ও সাব্বির আহমেদ (১৮)।
নিহত রিফাত হাসান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে এবং সাব্বির আহমেদ একই গ্রামের আমির হোসেনের ছেলে। তারা স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, রোববার দুপুরে পূর্বাচল ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি চত্বরে ঢাকাগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৬৮-৩৭৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে অপর ঢাকাগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ ১৬-০৬৩৬) পেছন থেকে ধাক্কা দিলে দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু রিফাত হাসান ও সাব্বির আহমেদ ছিটকে সড়কের উপর পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সর্বশেষ সন্ধ্যার দিকে রিফাত হাসান এবং রাত সোয়া ৭টার দিকে সাব্বির আহমেদ মারা যায়। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, এদিকে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।