
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকায় সৌদি আরব প্রবাসী মিঠু মিয়ার মালিকানাধীন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত একটি বাড়ির ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা সালমান জানান, বিকেলে রাস্তায় দাঁড়িয়ে এক অপরিচিত কিশোরকে মোবাইল ফোনে কথোপকথনের সময় হত্যার বিষয়ে আলোচনা করতে শোনা যায়। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাকে অনুসরণ করে ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করে একটি কিশোরের মরদেহ দেখতে পান। পরে সন্দেহভাজন ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ছয়জন মিলে ওই কিশোরকে হত্যা করেছে। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।