
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম অ্যাকাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পুণ্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু।
আমীর খসরু বলেন, জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। আগামী দিনে এই পরিবর্তন আনতে হবে। বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রাখতে হবে। সবার অধিকার আছে স্বাধীনভাবে কাজ করার। আমরা চাই আপনারা সমাজের প্রত্যেকটি জায়গায় অংশগ্রহণ করেন, আপনারা নেতৃত্বে আসবেন। নারীদের বলছি সব জায়গায় আপনাদের আরও বেশি অংশ নিতে হবে, নেতৃত্বে আসতে হবে, নারীদের আরও বেশি শক্তিশালী হতে হবে। টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সবক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।