• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন |
  • English Version

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পিকআপ ভ্যান দিলেন মোহাম্মদ হাতেম

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন


আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাকে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। এডভান্স সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পক্ষ থেকে গাড়িটি প্রদান করা হয়।

বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এলাকায় অবস্থিত এডভান্স সিএনজি ফিলিং স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া, সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নিট ফ্যাশনের পরিচালক হাসিন আরমান, হাসিন রাইহান, মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদ, আমিনুর রশীদ, মামুনুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গাড়ির চাবি হস্তান্তরকালে মোহাম্মদ হাতেম বলেন, “কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় পুলিশের পর্যাপ্ত যানবাহন না থাকায় দায়িত্ব পালনে নানা সমস্যার কথা আমাকে জানানো হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যেই একটি পিকআপ ভ্যানের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই গাড়ির মাধ্যমে থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পরিবহন সংকটের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। পরবর্তীতে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম সদর দক্ষিণ মডেল থানার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এটি পুলিশের কার্যক্রমে গতি আনবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts