
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠা দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) ফতুল্লা মডেল থানায় ভিকটিমকে দেখতে, তার সাথে কথা বলতে ও তার পাশে দাঁড়াতে থানায় যান জেলা প্রশাসক (ডিসি) মো: রায়হান কবির, পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম ফয়েজ উদ্দিনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেখানে ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন তারা।
শুক্রবার (২২ মে) বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আনন্দবাজার লালচর এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আটক অভিযুক্ত দুই যুবক হলো—একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)।
রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। রাতেই অভিযুক্ত হিরোকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে আটক করে হাসপাতালে নিয়ে যায়। পরে রাতে সোহেল নামের অপর অভিযুক্তকেও আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঘটনার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী জানান,ঘটনার সাথে জড়িত একজন কে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে অপরজনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে সর্বচ্চো গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করা হচ্ছে।