• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
  • English Version

মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান

Reporter Name / ৮৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সীমান্তের ওপারে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ রাখা হলে লবণাক্ততার কারণে বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। তাই মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব গুরুত্বপূর্ণ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘কৃষিপ্রধান বাংলাদেশের কৃষিকে উন্নত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনই বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন।’

এসময় তিনি বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকে বাংলাদেশ যেন কোনোভাবেই বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘কৃষকের জমিতে সেচ সুবিধাসহ উৎপাদন বাড়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোনো লোক দেখানো বিষয় নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবেন। আমরা পূর্বের সরকারের সমালোচনা করতে চাই না, জনগণের জন্য ভালো কিছু করতে চাই।’

 

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

 

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কাজের সূচনা করা হয়। জানানো হয়, এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts