• রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন |
  • English Version

বন্দরে সোমবারিয়া খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে খেলার মাঠ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া সোমবারিয়া বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেউলী চৌরাপাড়া এলাকার একমাত্র খেলার মাঠটি দীর্ঘদিন ধরে স্থানীয় শিশু-কিশোরদের খেলাধুলা, সাধারণ মানুষের প্রাতঃভ্রমণ এবং মুক্ত বাতাস গ্রহণের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠের পাশেই শীতলক্ষ্যা নদীর তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মনোরম ওয়াকওয়ে নির্মাণ করেছে।

 

তারা অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সরকারের রোপণ করা প্রায় ৩০০ গাছ কেটে নদীর জায়গায় দেয়াল নির্মাণ করে মাঠটি ঘিরে ফেলার উদ্যোগ নিয়েছে। এতে শিশু-কিশোরদের খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশের পথ বাধাগ্রস্ত হবে।

 

বক্তারা আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বিআইডব্লিউটিসি দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। দ্রুত এ কার্যক্রম বন্ধ করে মাঠটি উন্মুক্ত রাখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে স্থানীয় খেলোয়াড়, শিক্ষার্থীসহ কয়েকশ’ মানুষ অংশ নেন।

 

সাংবাদিক আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, বন্দর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কবির সোহেল, আলতাফ হোসেন, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, নাছির হোসেন, নাজির হোসেন, মোহাম্মদ মাসুম, আবু তাহের মিন্টু ও ফুটবল প্রশিক্ষক আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts