
নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে চারটি পদেই জয় পেয়েছে অভিভাবক ঐক্য পরিষদ। বিদ্যালয়টিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ নির্বাচনে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটির উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার মোঃ বেল্লাল হোসেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক হালিমা খাতুনসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ এস এম আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীক নিয়ে তানভীর আলম ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীক নিয়ে মো. শফিউদ্দিন ৮০ ভোট পান।
অন্যদিকে নারী অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীক নিয়ে ফাহমিদা আক্তার ৮৮ ভোট এবং আম প্রতীক নিয়ে শারমীন আক্তার ৭৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের হার ৫৮ দশমিক ৯৮ শতাংশ। ভোট বাতিল হয়েছে ৪৬ ভোট।
কর্মদিবস হওয়া সত্ত্বেও সকাল থেকেই ভোটকেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। প্রতিষ্ঠার পর এবারই প্রথম আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে ঘিরে অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা ভোটারদের কাছে প্রচারণা চালান। ভোটের দিনও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত চার অভিভাবক প্রতিনিধি ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, অভিভাবকেরা আমাদের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। এই বিজয় শুধু আমাদের নয়, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দের। আমরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদারে কাজ করব। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন কমিশনার নূরুননাহার বিউটি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।