• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version

কাশিপুরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটুয়াখালির বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে রানা (২২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের পানির ট্যাংকের স্যান্টারিং খোলার কাজ চলাকালে তারা ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে তারা শ্বাসকষ্টে আক্রান্ত হন এবং অল্প সময়ের মধ্যেই অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ার মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার দেড় বছর বয়সী সুরাইয়ান নামে একটি ছেলে সন্তান রয়েছে। অপরদিকে রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত কাজ করতে এসে প্রাণ হারান তিনি। মাত্র চার মাস আগে তার বিয়ে হয়েছিল।

প্রত্যক্ষদর্শী এস এম রফিক মোল্লা জানান, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই তারা ট্যাংকের ভেতরে নেমেছিলেন, যা এই মর্মান্তিক দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts