
আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৭, ২০২৫
রাজশাহী:-রাজশাহীর গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে।এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও দুজন।২৭ সেপ্টেবর শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)।তাঁর বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে।আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধ মারা যান।তাঁর মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়।
একটি নৌকা মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে এপারে আসে।২০-২৫ জন ওই নৌকায় করে নদী পার হচ্ছিলেন।তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।এ সময় নৌকা আরোহিরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন।পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলা ১২টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।বিস্তারিত জানতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
IPCS News : Dhaka :