বাণী রিপোর্ট : পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ১৭ মামলার পলাতক আসামী তৈয়বকে তার দুই সহযোগীসহ নরসিংদীর রায়পুরা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। সোমবার (১৮ আগষ্ট) ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তৈয়বুর রহমান ওরফে তৈয়ব (২৫), একই গ্রামের রুসমত আলীর ছেলে সেলিম মিয়া (২৪) ও করিমগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে শিপন মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৭০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ গানপাউডার উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি আবুল কায়েস আকন্দের নেতৃত্বে উপ-পরিদর্শক জামিরুল ইসলাম, মোবারক হোসেন, ওবায়দুল্লাহ ও সহকারী উপ-পরিদর্শক দীপক কুমার সাহা সহ সঙ্গীয় ফোর্স রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের খাদিজা বেগমের পরিত্যক্ত দোচালা একটি ঘরের ভিতর অভিযান চালায়।
অভিযানে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামী কিলার তৈয়ব ও তার দুই সহযোগী গ্রেফতার হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও হাতবোমা তৈরির গানপাউডার উদ্ধার করা হয়।
ডিবির ওসি আবুল কায়েস আকন্দ জানান, গ্রেফতারকৃত তৈয়বুর রহমান ওরফে তৈয়ব পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪টি হত্যা, অস্ত্র, মাদক সহ বিভিন্ন থানায় প্রায় ১৭টি মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশের বিভিন্ন ইউনিট দীর্ঘদিন ধরে নজরধারীতে ছিলেন। পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের নির্দেশে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায়, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।









