
নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারী এলাকার ডিশ লাইন ক্যাবল ব্যবসায়ী মো. নাছির উদ্দিন (৬০) হত্যা মামলার প্রধান আসামি শরীফকে আদালতে নেওয়ার পথে পুলিশের উপস্থিতিতেই গণপিটুনী দিয়েছে বিক্ষুব্দরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আইনজীবীরা জানান, নাছির উদ্দিন হত্যা মামলার আসামি শরীফকে রিমান্ড শুনানির জন্য কোর্ট হাজত থেকে আদালতে নেওয়া হচ্ছিল। এ সময় নিহতের এলাকার কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করেন। একপর্যায়ে শরীফ আদালতের দরজার সামনে পড়ে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে মাটিতে ফেলে মারধর করে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য ও উপস্থিত আইনজীবীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। মামলার তদন্ত কর্মকর্তা শরীফের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. সাইফুল ইসলাম ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. সালাউদ্দিন ভূঁইয়া সবুজ বলেন, তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিকে মারধরের বিষয়ে তিনি বলেন, হত্যা মামলাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। তাই আসামিকে সামনে পেয়ে কিছু মানুষ উত্তেজিত হয়ে পড়েন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, হত্যা মামলার আসামিকে আদালতে নেওয়ার পথে একটি পক্ষ হামলার চেষ্টা করেছিল। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আদালত তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, চলতি মাসের ১৭ জুন নাছির হত্যা মামলার প্রধান আসামি শরীফ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন।
উল্লেখ্য, গত ১৪ মে ফতুল্লার চাঁনমারী মাউরাপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবলের কার্যালয়ে ডিশ ব্যবসায়ী মো. নাছির উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সায়মা আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় শরীফকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।