
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং মানবিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ফ্রি প্যালেস্টাইন’ শীর্ষক একটি সংহতি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলার আর্জেন্টিনা সমর্থকসহ সাধারণ জনগণকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বজুড়ে চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মাঝে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা বিশেষ জার্সি বিতরণ করা হবে।
আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে শান্তি, মানবতা ও ন্যায়বিচারের পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি ফিলিস্তিনের চলমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
‘ফেস দ্যা পিপল’-এর উদ্যোগে আয়োজিত এ সংহতি কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলার সকল আর্জেন্টিনা সমর্থক, প্রতিনিধি এবং সাধারণ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের মতে, মানবিক মূল্যবোধের পক্ষে এবং নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।