
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লামিয়া ইসলাম জান্নাত নামে দশ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া ময়মনসিংহ জেলার চরপাড়া এলাকার খায়রুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার চৌধুরী বাড়ি সংলগ্ন পূর্ব এনায়েতনগরে মমতাজ বেগমের বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাশের একটি টিনশেড ঘরে বৈদ্যুতিক ত্রুটির কারণে পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সময় খেলতে গিয়ে লামিয়া ঘরের পেছনের একটি জানালায় হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাড়ির মালিক আমিনুল ঘটনাস্থল ত্যাগ করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, “এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”