
নাটোরের বড়াইগ্রামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন গ্রিড সাব স্টেশনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে লুটে নেয়া সাড়ে ৩০০টি ইলেকট্রিক ব্যাটারিসহ মালামাল।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ রাতে সশস্ত্র ডাকাতদল বড়াইগ্রাম উপজেলা কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড সাব স্টেশনে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ট্রাক ভর্তি করে পাওয়ার স্টেশনের ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শামিম আহমেদ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতকাল রাতে গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও সিরাজগঞ্জ থেকে ট্রাক জব্দ করে নাটোর জেলা পুলিশদের একাধিক টিম।
ওইসব স্থান থেকে আটক করা হয় ১৩ ডাকাতকে। আটককৃত ডাকাতরা হচ্ছে রোকন মোল্লা, রুহুল আমিন, তসলিম প্রাং, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মন্টু মোল্লা, বাসেদ মন্ডল, সৈকত, উজ্জল মোড়ল, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, নায়েব আলী ও সাইফুল ইসলাম।
আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি থেকে সর্বোচ্চ ২০টি পর্যন্ত ডাকাতি, হত্যা লুটপাটের মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এসআই শামিম বলেন, বাকি মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।
—এজেড