• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
  • English Version

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: ফখরুল

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন


স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাগুলোকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে। উন্নয়নের নামে ফ্যাসিবাদি সরকার মেগা প্রজেক্টে চরম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ও উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়েছেন। কিন্তু উত্তরাঞ্চল বঞ্চিতই রয়ে গেছে। তাই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে।

১৩ দিন বিরতির পর রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের এক প্রশ্নের লিখিত প্রশ্নের উত্তরে স্থানীয় সরকারমন্ত্রী জানান, মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থায় বর্তমানে কোনো ‘বিশেষ বরাদ্দ’ দেওয়ার পরিকল্পনা নেই সরকারের। তবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একাধিক চলমান ও সমাপ্ত প্রকল্পের মাধ্যমে এই এলাকার মানুষ সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন সুবিধার আওতায় আসছে।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প গত ডিসেম্বর ২০২৫-এ সমাপ্ত হয়েছে। এই প্রকল্পের অধীনে যেসব অবকাঠামো নির্মিত হয়েছে তারমধ্যে হচ্ছে, ৫০০টি সাব-মার্সিবল পাম্প ও জলাধারসহ গভীর নলকূপ, ১০০টি রিংওয়েল, ৩২টি কমিউনিটি ভিত্তিক ইউনিট পানি সরবরাহ ইউনিট, ৫২৫টি অফসেট টুইনপিট হাউজহোল্ড ল্যাট্রিন, ১৬টি পাবলিক টয়লেট এবং ৩২টি কমিউনিটি ল্যাট্রিন।

তিনি আরও জানান, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (২০২০-২০২৬) এর আওতায় বিগত ৬ অর্থ-বছরে বড়লেখা ও জুড়ী উপজেলায় ব্যাপক বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত ছয় অর্থবছরে জুড়ী উপজেলায় ৮৩৭টি গভীর নলকূপ, ১টি গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম ও ১৮টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট এবং বড়লেখা উপজেলায় ১ হাজার ৪১০টি গভীর নলকূপ, ১টি গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম ও ১৮টি কমিউনিটিভিত্তি পানি সরবরাহ ইউনিট বরাদ্দ প্রদান করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’-এর আওতায় দুই উপজেলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। জুড়ী উপজেলায় ৩০০টি এবং বড়লেখা উপজেলায় ৫০০টি ইম্প্রুভড টুইন পিট ল্যাট্রিন বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উভয় উপজেলায় ৪টি করে কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে ওই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। বিশেষ কোনো নতুন বরাদ্দের পরিকল্পনা না থাকলেও বিদ্যমান প্রকল্পের সুফল ইতোমধ্যেই জনগণ পেতে শুরু করেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts