
নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে ৩ আগস্ট শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতিহার’ ঘোষণা করবে এনসিপি
মো হিমেল মিয়া, নরসিংদী।
নরসিংদী, ৩০ জুলাই:
বিচার সংস্কার, নতুন সংবিধান এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতিহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, “গত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। আমাদের ন্যায্য দাবি দমন করার চেষ্টা হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণে বারবার বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা পিছু হটি না। বরং আরও সুসংগঠিত হয়ে আন্দোলনে ফিরছি।”
“জুলাই বিপ্লবের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা আমাদের ছাত্র প্রতিনিধিরা সরাসরি এনসিপির সদস্য নয়, তবুও তাদের সরিয়ে দিতে গভীর ষড়যন্ত্র চলছে,”—যোগ করেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে এর আগেও বিপ্লব হয়েছে, আবারও হবে। জনগণের সাড়া প্রমাণ করে, আগামী সংসদে এনসিপি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।”
সমাবেশটি ছিল “বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার শপথে জুলাই পদযাত্রা”-এর চূড়ান্ত অনুষ্ঠান। এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। পরে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়, যা কোর্ট রোড ও সদর রোড হয়ে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনি এবং সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী সহ আরও অনেকে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন।