
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন নির্বাচন ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঐক্যের যে জায়গা তৈরি করে গেছেন জামায়াত সেই পথ অনুসরণ করে চলতে চায়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে যান জামায়াত আমির। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান জামায়াত আমির। পরে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর সরকার গঠনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রত্যয় ব্যক্ত করেছি। আগামীতে সবাই মিলেমিশে দেশের স্বার্থে কাজ করতে চাই। বেগম জিয়া যে ঐক্যের জায়গা তৈরি করে গেছেন সেখানে দাঁড়িয়ে আমরা চলতে চাই। রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই। বিএনপির নেতারাও একই কথা বলেছেন। নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে আমরা আবারও বসবো এবং দেশের স্বার্থে একযোগে কাজ করবো।