
দেশের জ্বালানি চাহিদা মেটাতে মালয়েশিয়া থেকে ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে বুধবার (০৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে দুটি বিদেশি জাহাজ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে এবং কাল নাগাদ বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’। গত ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দেওয়া জাহাজটি বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে। একই দিনে মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিপিসি নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান ফারজিন হাসান মৌমিতা। তিনি উল্লেখ করেন, নিয়মিতভাবে জ্বালানি তেলের এই আমদানি প্রক্রিয়া অব্যাহত থাকায় দেশে তেলের কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
এসএফ