
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটের জন্য এখন ৬০ ঘণ্টারও কম সময় বাকি। ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। যদি এখন বলি শঙ্কা আছে, তবে মনে হবে— আমার আস্থার অভাব আছে। কাজেই শঙ্কার কোনো কারণ নেই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।
আখতার আহমেদ বলেন, আগামীকাল মঙ্গলবার থেকে প্রার্থীদের নির্বাচনি প্রচার কার্যক্রম বন্ধ হবে। এতে বড় ধরনের মিছিল, মিটিং, শোডাউন অন্তর্ভুক্ত। ইসি সচিব আশা প্রকাশ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার বন্ধ থাকবে।
তিনি বলেন, আমাদের কাছে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। একটি সেল এখানে নিয়মিত নজর রাখে এবং অন্যান্য সরকারি এজেন্সির সঙ্গে তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু ও আনন্দমুখর নির্বাচন নিশ্চিত করা, যেখানে কেউ কষ্ট ভোগ করবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আখতার আহমেদ বলেন, এ পর্যন্ত মারাত্মক কোনো ঘটনা বা খবর আমাদের কাছে আসেনি। তবে দুটি দুর্ঘটনা ঘটেছে, যেখানে দুজনের প্রাণহানি হয়েছে। এগুলো নিন্দনীয়। তফসিল ঘোষণার পর হাদি এবং শেরপুরে ঝিনাইগাতিতে দুটি দুর্ঘটনা ঘটেছে।
ইসি সচিব বলেন, নির্বাচন উপলক্ষে মিছিল ও মিটিং চলাকালীন বক্তব্য পাল্টা-প্রতিক্রিয়া স্বাভাবিক। তবে সবকিছু শালীনতার মধ্যে চলছে এবং কোনো মারাত্মক ত্রুটি রিপোর্ট করা হয়নি।
তিনি আরও বলেন, আমাদের গোয়েন্দা নজরদারি কার্যকরভাবে চলছে। চারটি বা ছয়টি সিল এক জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে। এ পর্যন্ত বড় ধরনের কোনো ব্রিজ অব কন্ডাক্ট পাওয়া যায়নি।
আখতার আহমেদ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ দেখতে মাঠপর্যায়ে ইলেক্টরাল ইনকোয়ারি অ্যান্ড জুডিকেশন কমিটি, রিটার্নিং অফিসার, এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। অভিযোগের তথ্য প্রাপ্ত হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়।
তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের অভিযোগ নিয়ে সরাসরি মন্তব্য করলে আমি নৈতিকভাবে দায়বদ্ধ হয়ে পড়বো। তাই আমরা সব অভিযোগের যথাযথ তদন্ত ও ব্যবস্থা নিশ্চিত করছি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন