
সংস্কারের প্রশ্নে ড. মুহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুলসহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছে। এখন বিএনপি সরকার মূল অধ্যাদেশগুলো বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সংস্কারের প্রশ্নে ড. ইউনুস এবং তাঁর সরকারের উপদেষ্টাদেরও এখন মুখ খুলতে হবে এবং রাজপথে নেমে আসতে হবে।”
তিনি আরও বলেন, মানুষের রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছিল, কিন্তু তারা জনগণকে নিরাশ করেছে। উপদেষ্টারা কাজ শেষ না করে নিজেদের ব্যক্তিগত ক্যারিয়ারে ফিরে যাবেন এমনটা হতে দেওয়া হবে না। অর্জিত সাফল্য ধরে রাখতে হলে তাদেরও জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং রাজপথে এসে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।