
আপডেটঃ ১:৫৬ অপরাহ্ণ | এপ্রিল ০৫, ২০২৬
রাজশাহী:- রাজশাহীতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।শনিবার সকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রমসহ সামগ্রিক স্বাস্থ্যসেবার খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের আইসিইউ, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।পরে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশাসক জানান, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, রামেক হাসপাতাল ও শিশু হাসপাতালে আইসিইউ বেড সংকট রয়েছে, তবে দ্রুত সময়ের মধ্যে বেড সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু রোগের চিকিৎসা ও প্রতিরোধে সিটি কর্পোরেশন হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলেও তিনি আশ্বস্ত করেন।প্রশাসক আরও জানান, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রাজশাহীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব তুলনামূলক কম রয়েছে, যা সচেতনতা ও সতর্কতার ফল।
এ ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে।ইতোমধ্যে নগরীর ৩০টি ওয়ার্ডে প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
পরিদর্শনকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।