
মনোহরদীতে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। পরে জব্দকৃত সরঞ্জাম উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “নদী, কৃষি জমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় মনোহরদী উপজেলায় অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে