
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ইফতার, তারাবি ও সেহরিতে যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারি, সেই চেষ্টা আমাদের রয়েছে। বিদ্যুতের ঘাটতি রয়েছে, সেটাকে কীভাবে সুন্দর ব্যবস্থাপনা করে জনদুর্ভোগ কমানো যায় সেটা নিয়ে কাজ শুরু করেছি। আমাদের একটু সময় দিতে হবে। ধৈর্যধারণ করতে হবে। বিদ্যুৎ বিভাগে পরিকল্পনা অনুযায়ী নানা সংকট, সমস্যা সমাধান আমরা করতো পারবো।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যশোর সার্কিট হাউজে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। এর আগে সার্কিট হাউজ মিলনায়তনে জেলার বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেখানে জেলার বিদ্যুৎ বিভাগের নানা সংকট ও সম্ভাবনার নানা তথ্য উপস্থাপন করেন কর্মকর্তারা। সভায় এসব সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের পাশে থাকার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকোর বিভাগীয় ও জেলার কর্মকর্তাবৃন্দ।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বোরো মৌসুমে রেশনিং করে হলেও চাষিদের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। রমজানের পরেই সেচের মৌসুম। কৃষকদের বিদ্যুৎ নিশ্চিতে কর্মকর্তাদের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। অন্য জায়গা থেকে রেশনিং করে হলেও সেচের মৌসুমে কৃষকদের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। সেচ মৌসুমে যাতে কৃষকেরা প্রয়োজনীয় অনুযায়ী বিদ্যুৎ পান; এটা নিশ্চিত করাটাই আমাদের প্রধান কাজ।