
ডেঙ্গুসহ অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান সম্প্রতি বন্দর উপজেলায় শুরু হয়েছে। এ লক্ষ্যে গত ১৪ মার্চ থেকে প্রতি শনিবার জনসাধারণসহ সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে, মশার প্রকোপ হ্রাস না পাওয়া পর্যন্ত, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল উপর্যুক্ত নির্দেশনার আলোকে বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে গৃহিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার গণমাধ্যমকর্মীদের কাছে প্রদত্ত এক বক্তব্যে বলেন, এডিস মশার প্রজননস্থল আমাদেরকে যে কোন উপায়ে ধ্বংস করতে হবে। তা না হলে এডিস মশা নানাভাবে আমাদেরকে আক্রান্ত করতে পারে। ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। কাজেই আমাদের সবাইকে সতর্কাবস্থায় থাকতে হবে। এসব কর্মসূচীতে বন্দর উপজেলা সহকারি কমিশণার(ভূমি) রহিমা আক্তার ইতিও অংশগ্রহণ করেন।