
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ডা. এম. এইচ. কবির।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের পশ্চিম ডোমনমারা ডি.পি.সি ইসলামি যুব সংঘ ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন ২৯ শে নভেম্বর রোজ শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ও সমাজসেবক জনাব ডা. এম. এইচ. কবির। তিনি ধর্মীয় সেবার পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগ, সামাজিক উন্নয়ন কাজ এবং গ্রামের অসহায় মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
“পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, যা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আজকের সমাজে নৈতিক অবক্ষয় দূর করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার প্রতি ফিরে আসা ছাড়া বিকল্প নেই। আমাদের ঘর থেকে শুরু করে পুরো সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে।”
তিনি আরও বলেন,
“ধর্মীয় অনুশাসন শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের আচরণ, পরিবার, ব্যবসা-বাণিজ্য, প্রতিবেশী সম্পর্ক—জীবনের প্রতিটি ক্ষেত্রকে সুন্দরভাবে পরিচালনার নির্দেশনা দেয়। একজন প্রকৃত মুসলমান সেই, যে মানুষের উপকার করে, সত্য কথা বলে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
মানবিক সেবার প্রসঙ্গে তিনি বলেন,
“আমি সবসময় চেষ্টা করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আল্লাহ আমাদের যে সামর্থ্য দিয়েছেন, তা মানুষের কল্যাণে ব্যবহার করাই সর্বোত্তম কাজ। অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ইসলামি নৈতিকতার অন্যতম প্রধান নির্দেশনা।”
তিনি তরুণদের উদ্দেশে বলেন,
“তরুণরা যদি কোরআনের মূলনীতি ধরে এগিয়ে যায়, তাহলে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি বা নৈতিক সঙ্কট দূর হয়ে যাবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বক্তৃতার শেষাংশে তিনি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মনিরুজ্জামান ছোটন সহ অন্যান্য নেতৃবৃন্দ।