• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
  • English Version

নারায়ণগঞ্জে পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী, বিজয়ীদের পুরস্কার প্রদান

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন


পরিবেশ দূষণের অন্যতম কারণ অবৈধ ইটভাটা বন্ধে সরকার সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধানের পথ বের করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, আগামী বছরের মধ্যে পরিবেশ দূষণ পরিস্থিতিকে কিছুটা হলেও স্বস্তির জায়গায় নিয়ে আসা সম্ভব হবে।

সোমবার (২২ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ দিনব্যাপী “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” শীর্ষক পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় ৮ হাজার ইটভাটা রয়েছে, যার মধ্যে প্রায় ৫ হাজারই অবৈধ। উন্নয়ন ও নির্মাণকাজের জন্য এখনো শতভাগ ইটের বিকল্প নিশ্চিত করা সম্ভব হয়নি। অতীতেও এ বিষয়ে বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করা হলেও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে ইটভাটা, শিল্পকারখানায় ইটিপি ব্যবহার না করা এবং যানবাহনের ধোঁয়াসহ পরিবেশ দূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ দূষণের অন্যতম কারণ মানুষের অসচেতনতা ও স্বার্থপরতা। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। একসময় নারায়ণগঞ্জ ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত ছিল। সেই ঐতিহ্য ধরে রাখতে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যদি নিজেদের পরিবার ও সমাজকে সচেতন করতে পারে, তাহলে পরিবেশ রক্ষার কাজ আরও সহজ হবে।

তিনি বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির পেছনে সচেতনতা, নিয়ম-শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিশুদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব আচরণ ও ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।

“যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে আয়োজিত বিতর্ক উৎসবের ফাইনালে প্রাথমিক বিভাগে কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ১০০ নম্বর বাতানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। মাধ্যমিক বিভাগে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, শিল্পনগরী নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষা ও উন্নয়নকে সমন্বয় করেই এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এ বিতর্ক উৎসব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, সহনশীলতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। শিক্ষার্থীরা আজ যে বার্তা দিয়েছে, তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা সমাজে ছড়িয়ে দিতেই এ আয়োজন। তারা শুধু দূষণের বিষয়গুলো নিয়ে চিন্তা করছে না, বরং সমাধানের পথও খুঁজছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শিক্ষক, শিক্ষার্থী এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts