[ad_1]
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএলের মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর-এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে পাওয়া যাবে। প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সেবা মিলবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, ইনশাআল্লাহ ১৫ তারিখ (ফেব্রুয়ারি) থেকে বিটিসিএল এমএনওভি সিম এবং ভয়েস/ডেটা/কনটেন্ট এর ট্রিপল প্লে প্যাকেজ বিটিসিএল এর রমনা/গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে’।
এর আগে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করে বিটিসিএল। গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে এই পরীক্ষামূলক সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের এই সেবা দেবে। এর আওতায় গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল ও আনলিমিটেড মোবাইল ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’-ও এতে অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া এমভিএনও সেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে জিপন সংযোগ ও রাউটারসহ আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা। একইসঙ্গে জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম ‘টফি’-তে নাটক, সিনেমাসহ বিভিন্ন ডিজিটাল কনটেন্ট উপভোগের সুযোগ থাকবে। আনলিমিটেড ভয়েস, মোবাইল ডেটা, ব্রডব্যান্ড ইন্টারনেট ও ডিজিটাল কনটেন্ট—এই চারটি সেবাকে একীভূত করে গ্রাহকদের কোয়াড-প্লে সুবিধা দেওয়া হবে।
এ বিষয়ে ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সফলভাবে সচল হয়েছে। এর আওতায় ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ এবং জিপন ইন্টিগ্রেশন—এই চারটি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল টেস্টও সফলভাবে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয় সরকার।
[ad_2]