স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
সোমবার (১৫ জুন ২০২৬) মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ফার্মেসি, অপারেশন থিয়েটার, অভ্যন্তরীণ পরিবেশ, প্যাথলজির সরঞ্জাম ও রিএজেন্ট পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে লাইফ কেয়ার হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উভয় প্রতিষ্ঠান থেকেই মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। এছাড়া হাসপাতাল দুটির কর্তৃপক্ষ প্যাথলজির পরিবেশ উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব সিরাজুম মনিরা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে