গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল। তার এ নিয়োগে মনোহরদী ও বেলাব উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।
মনোহরদী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. এম এইচ কবির নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গত বুধবার রাতে নিজ বাসভবনে তিনি ফুলের শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার বকুল বিপুল ভোটে বিজয়ী হন। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবেই তিনি আজ গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী।
ডা. এম এইচ কবির বলেন,
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা নিরলসভাবে কাজ করেছি তাকে বিজয়ী করার জন্য। জনগণের ভালোবাসার ফলেই তিনি আজ স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। আমরা আশা করি, তার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসবে। সাধারণ মানুষ যাতে সহজে ও স্বল্প খরচে চিকিৎসাসেবা পেতে পারে, সে বিষয়ে তিনি কার্যকর উদ্যোগ নেবেন। স্বাস্থ্যখাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান গ্রহণ করবেন।”
নবনিযুক্ত মন্ত্রীর দায়িত্ব গ্রহণের খবরে বিভিন্ন স্থানে আনন্দ প্রকাশ করা হয়। এলাকাবাসীর প্রত্যাশা—তার অভিজ্ঞ ও জনবান্ধব নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।