[ad_1]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন-এর নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পুনরায় পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (১৬ জুন) বিকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার এবং হাসপাতাল চত্বরের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা ও রোগীদের জন্য বিদ্যমান সুবিধাসমূহ পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালে ভর্তি রোগীদের স্বজন ও আগত সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন। তাদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবাসংক্রান্ত অভিযোগ-পরামর্শ শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রটির পরিবেশ ও সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের নোংড়া পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করে সেবার মানোন্নয়ন ও পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় এ ফলোআপ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
[ad_2]